গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরই গণ অধিকার পরিষদ কোনো জোটে যাবে কিনা তা বিবেচনা করা হবে।”
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি মোড়ে ছোট যমুনা সেতু সংলগ্ন এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
নুর বলেন, “দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকার না হয়— সে লক্ষ্যে কাজ করছে গণ অধিকার পরিষদ। পুলিশ, সেনাবাহিনী, এমপি-মন্ত্রী— সবার বেতন আসে জনগণের টাকায়। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। এজন্য আমরা পুলিশ নিয়োগ ও পদোন্নতির জন্য স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি।”
তিনি আরও বলেন, “যখন দেশে মানুষের কথা বলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখনই তরুণরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গণ অধিকার পরিষদের রাজনীতি শুরু করে। আজ সেই আন্দোলন এক নতুন পর্যায়ে পৌঁছেছে।”
সাবেক ভিপি নুর অভিযোগ করে বলেন, “কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাজনীতি করার প্রতিশ্রুতি দেয় না, কারণ তারা ভোটকেন্দ্র দখলে রাখতে এই শক্তিগুলোকেই ব্যবহার করে। আমরা চাই, গণঅভ্যুত্থান পরবর্তী পাঁচ বছরের জন্য একটি ঐক্যমতের সরকার গঠিত হোক। তবে সেই সিদ্ধান্ত আসবে নির্বাচনের মাধ্যমেই— দেশ কোন পথে যাবে, তা জনগণই নির্ধারণ করবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন— রংপুর বিভাগীয় সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের সম্ভাব্য প্রার্থী শাহজাহান চৌধুরী, উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, জেলা সভাপতি শফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক শোভন, ফুলবাড়ী উপজেলা সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক রাফসান জানি ও সহসভাপতি নাদিম এম জিসান প্রমুখ।