শাহবাগে প্রাথমিক শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

0
27

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন-ভাতা দেওয়াসহ তিন দফা দাবির সমর্থনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা এবং ‘কলম সমর্পণ কর্মসূচিতে’ পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে নারীসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষক নেতারা।

শনিবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ের কাছাকাছি এ ঘটনা ঘটে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে জানান, পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষকরা বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন। শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয়। শিক্ষকরা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে পুলিশ হঠাৎ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই আকস্মিক ঘটনায় কয়েকজন শিক্ষিকাসহ অনেকে আহত হন বলে তিনি দাবি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়ে শনিবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতর অবস্থান কর্মসূচি পালন করছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান তিন দফা দাবিগুলো হলো: ১. দশম গ্রেডে বেতন নির্ধারণ। ২. ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান। ৩. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিলেও সহকারী শিক্ষকরা তাতে সন্তুষ্ট নন। তারা তাদের বেতন দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।