জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

0
32

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া বিভিন্ন মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— ১. খুলনার রুপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজী। ২. গ্যালাক্সির মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ। ৩. ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিক বাড়ির মৃত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান। ৪. বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দীনের ছেলে কামরুল ইসলাম।

পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

এছাড়াও, আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে এক ব্যবসায়ী এবং কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতেও ডাকাতি সংঘটিত হয়। এসব ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হলে ডাকাত দলকে ধরতে পুলিশ মাঠে নামে।

এরই ধারাবাহিকতায়, জয়পুরহাট ডিবি পুলিশের একটি দল রাজধানী ডিএমপি এবং সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকারসহ ডাকাতি হওয়া বিভিন্ন মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।