টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গায় অবস্থিত সার্বজনীন রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরে দুর্বৃত্তরা ৯টি প্রতিমা ভাঙচুর করেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে স্থানীয়রা প্রতিমাগুলো ভাঙা দেখতে পান। তবে এই ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও মন্দির সূত্রে জানা যায়, এলেঙ্গার দুইশ’ বছরের পুরোনো এই মন্দিরে প্রতি বছর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়, যা গত মঙ্গলবার (৪ নভেম্বর) সম্পন্ন হয়েছিল। শনিবার সকালে অনেকেই মন্দিরে ফুল-জল দিয়ে প্রণাম করে গেছেন, তখন সবকিছু ঠিকঠাক ছিল।
মন্দিরের পূজারি স্বর্গীয় খুশী মোহন দাশের স্ত্রী দুলালী রাণী সকাল সাড়ে ১০টার দিকে মন্দিরে পূজা দিতে গিয়ে ভাঙচুর হওয়া প্রতিমাগুলো দেখতে পান। তিনি দেখেন মন্দিরের ১২টি প্রতিমার মধ্যে ৯টিই ভাঙচুর করা হয়েছে। কোনো প্রতিমার মাথা, কোনোটার ঘাড় আবার কোনো প্রতিমার হাত ভেঙে ফেলা হয়েছে। পূজারির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
মন্দিরের পূজারি এবং এলেঙ্গা জিতেন্দ্রবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দাশ জানান, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কে বা কারা প্রতিমা ক্ষতিগ্রস্ত করেছে, তা জানা যায়নি।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব প্রবাল কমল ভট্টচার্য এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জানান, স্থানীয় প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে কথা হয়েছে এবং ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এলেঙ্গায় সার্বজনীন রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের প্রতিমা কে বা কারা শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে ভাঙচুর করেছে। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মন্দিরের কমিটির লোকজন এ বিষয়ে মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কালিহাতী সার্কেলের এএসপি ও থানার ওসি-সহ পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।