নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: আসিফ নজরুল

0
51

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকার আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই এবং ‘উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে।’

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়ে আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর ও আমাদের (উপদেষ্টাদের) ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়ত সত্য থাকে। তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়।”

তিনি উল্লেখ করেন, “১৬-১৭ বছর নির্বাচন হয় না। এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহী হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।”

আদালতে মামলার চাপ কমানো প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগীয় সংস্কারে সরকার নানা উদ্যোগ নিচ্ছে, যার সুফল জনগণ অবশ্যই পাবে। তিনি বলেন, “একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেওয়া হচ্ছে, যাতে আদালতে মামলার চাপ কমে।”

আসামিদের জামিন দেওয়ার বিষয়ে তিনি বলেন, জামিন প্রদান শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশ কী রিপোর্ট দিচ্ছে তার ওপরও নির্ভর করে। একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেওয়া হয় না। তিনি আইনজীবীদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রইসুল ইসলাম প্রমুখ।