রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ডিসি তালেবুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি (লকডাউন) বাস্তবায়নের জন্য তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় জড়ো হয়েছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় জড়ো হচ্ছেন— এমন তথ্য পাওয়ার পর পুলিশ ও ডিবি ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। গত কয়েক দিনে দলটির অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই তালিকায় উপজেলা পর্যায়ের সাবেক পৌর মেয়রসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।