বহিষ্কার হওয়া ৩৯ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

0
91

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন সময় বহিষ্কৃত হওয়া ৩৯ জন নেতার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ৩৯ জন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন—১ নং ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু, ৩ নং ওয়ার্ডের মিজানুর রহমান মিঠু, ৫ নং ওয়ার্ডের মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

এছাড়াও সিলেট সিটির ৩১ থেকে ৪২ নং ওয়ার্ড এবং একাধিক সংরক্ষিত ওয়ার্ডের নারী নেত্রীসহ মোট ৩৯ জনের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছিল।

অন্যদিকে, রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছিলেন। তার আবেদন বিবেচনায় নিয়ে তাকেও দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।