রুদ্ধশ্বাস জয়ে কিউইরা ২-১ ব্যবধানে এগিয়ে

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ

0
47

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলমান টি-টোয়েন্টি সিরিজটি এখন জমে উঠেছে। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জয় পেলেও, পরের দুটি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে মাত্র ৯ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

নেলসনের স্যাক্সটন ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ড্যারিল টাফির গতি এবং ইশ সোধির ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ এক বল বাকি থাকতে ১৬৮ রানে অলআউট হয়। তবে ম্যাচের শেষ দিকে রোমারিও শেফার্ড ও সামার স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে ৭৮ রান যোগ করে একটি নতুন রেকর্ড গড়েন।

এটি শুধু ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ইতিহাসেই নয়, টেস্ট খেলুড়ে কোনো দলের টি-টোয়েন্টিতে নবম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই সংস্করণে সর্বোচ্চ নবম উইকেট জুটি ছিল ৭২ রানের, যা ২০২২ সালে বার্বাডোজে আকিল হোসেনকে নিয়ে গড়েছিলেন রোমারিও শেফার্ড নিজেই। সেই ম্যাচেও ক্যারিবিয়ানরা মাত্র ১ রানে হেরেছিল।

সিরিজের চতুর্থ ম্যাচটি আগামীকাল সকালে একই মাঠে অনুষ্ঠিত হবে।