শরীয়তপুরে যুব শক্তির জেলা কমিটি ঘোষণার ২৫ মিনিট পরই চার নেতার পদত্যাগ

0
77

শরীয়তপুরে সদ্য ঘোষিত জাতীয় যুব শক্তির জেলা কমিটির চার নেতা ঘোষণার মাত্র ২৫ মিনিটের মধ্যেই পদত্যাগ করেছেন। শনিবার (৮ নভেম্বর) রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একাধিক স্ট্যাটাস দিয়ে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন—কমিটির সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু, যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন সরল, যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম ও সংগঠক রবিউল হাসান।

এর আগে শনিবার রাতেই সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের অনুমোদনে শরীয়তপুর জেলা শাখার এক বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কাওসার মৃধাকে আহবায়ক ও আমিন মোহাম্মদ জিতুকে সদস্য সচিব করা হয়।

কমিটি ঘোষণার অল্প সময় পরেই সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু ফেসবুকে লিখেন, “ব্যক্তিগত কিছু বিশেষ কারণে আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ। সংগঠনের কার্যক্রমে যেন বিঘ্ন না ঘটে, সে জন্য আমি সদস্য সচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

একইভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে অন্য তিনজন নেতাও সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ প্রসঙ্গে আমিন মোহাম্মদ জিতু বলেন, “আমি পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। তবে ব্যক্তিগত কারণে এখন এই পদ থেকে সরে দাঁড়িয়েছি। লিখিত পদত্যাগপত্র যথাসময়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”

অন্যদিকে যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন সরল বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে একজন আহত যোদ্ধা হিসেবে আমাকে মূল্যায়ন না করে ৪১ নম্বরে রাখা হয়েছে। নড়িয়া উপজেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আশ্বাসও রাখা হয়নি। এসব কারণেই আমি পদত্যাগ করেছি।”

এ বিষয়ে সদ্য ঘোষিত জেলা কমিটির আহবায়ক কাওসার মৃধা বলেন, “যারা পদত্যাগের কথা জানিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কেউ এখনো অফিসিয়ালি পদত্যাগপত্র জমা দেয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সাংগঠনিক কার্যক্রম চলবে।”