আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

অর্থনৈতিক সংস্কার, ভ্যাট ও কর বৃদ্ধি নিয়ে আলোচনা

0
62

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। অন্যদিকে, বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল:

১. ভ্যাট সংস্কার: মূল্য সংযোজন কর (VAT)-এর হরমোনাইজেশন এবং ছাড় (exception) হ্রাস বা বিলোপের নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (TA) নিয়ে আলোচনা।
২. করপোরেট কর: করপোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করার কৌশল।
৩. ব্যাংকিং খাতের সংস্কার: আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে প্রয়োজনীয় পরিবর্তন।
৪. সামাজিক খাতে ব্যয়: দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক খাতে ব্যয় বৃদ্ধির গুরুত্ব।

বিএনপি নেতারা বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।

বৈঠক শেষে আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে।