ফিলিপাইনে সুপার টাইফুন ফাং-ওয়ং আঘাত হানার পূর্বে ১০ লাখ মানুষকে স্থানান্তর

0
48

ফিলিপাইনের পূর্ব উপকূলে সুপার টাইফুন ফাং-ওয়ং আঘাত হানার আগে আজ (রবিবার) দেশজুড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

আবহাওয়া পূর্বাভাসকারী চারমাগনে ভারিলা এএফপিকে জানান, আজ রাত ৮টা থেকে ১১টার মধ্যে টাইফুনটি অরোরা প্রদেশে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে প্রায় পুরো ফিলিপাইন জুড়েই ঝড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

দেশটিতে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার মাত্র কয়েক দিনের ব্যবধানে এই সুপার টাইফুনটি আঘাত হানতে চলেছে। গত সপ্তাহে টাইফুন কালমায়েগির প্রভাবে ২২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

কালমায়েগির কারণে ক্ষতিগ্রস্ত সামার প্রদেশে আজ রোববার টাইফুন ফাং-ওয়ং-এর প্রভাবে একজন নারী নিহত হয়েছেন।

সামার প্রদেশের ক্যাটবালোগান সিটির উদ্ধারকারী জুনিয়েল তাগারিনো জানান, ৬৪ বছর বয়সি ঐ নারী শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য যাচ্ছিলেন। তবে কোনো কারণে তিনি আবারও বাড়ি ফিরে গেলে কয়েক ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধ্বংসস্তূপ ও ভেঙে পড়া গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ বন্যা ও ভূমিধস এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যেতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছে।