রাজনাথ সিংয়ের মন্তব্য ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যবহির্ভূত’: ঢাকা

0
48

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘অযথার্থ’ ও ‘কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকার। তিনি সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে মন্তব্য করেছিলেন।

শনিবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়।”

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।”
ফার্স্টপোস্ট শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশ করে।

বাংলাদেশের প্রতিক্রিয়ায় মুখপাত্র মাহবুবুল আলম বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা—এই নীতির ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।”

মাহবুবুল আলম জোর দিয়ে বলেন, “বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব।”

উল্লেখ্য, সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, ভারত বাংলাদেশ সঙ্গে কোনো দ্বন্দ্ব চায় না।

সূত্র: বিএসএস।