স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

0
46

দশম গ্রেডে বেতন স্কেলসহ তিন দফা দাবি আদায়ের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা আজ রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সারাদেশ থেকে আসা সহকারী শিক্ষকরা অবস্থান করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

শিক্ষকদের মূল দাবি হলো বেতন-স্কেল ১৩তম গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেড প্রদান করা। এই প্রধান দাবি ছাড়াও তিন দফা দাবি আদায়ে তাঁরা রাজপথে স্লোগান দিচ্ছেন এবং অবস্থান করছেন।

আন্দোলনরত শিক্ষকেরা গতকাল শনিবারের (৮ নভেম্বর) পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেন, কলম সমর্পণের শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে শাহবাগে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়, যাতে শতাধিক শিক্ষক আহত হন।

পুলিশি এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি, শিক্ষকেরা ঘোষণা করেন যে, যদি তাঁদের ন্যায্য দাবি দ্রুত আদায় করা না হয়, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে তাঁদের পদত্যাগ করতে হবে।

আন্দোলনরত শিক্ষক শামসুদ্দিন মাসুদ জানান, ঢাকাসহ সারাদেশে একই কর্মসূচি পালন করা হচ্ছে এবং দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।