উখিয়া বাজারে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

0
27

কক্সবাজারের উখিয়া বাজারের বিজয় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোহাম্মদ আলী নামে এক স্থানীয় ব্যবসায়ী আগুনে দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ৩টার দিকে কৃষি ব্যাংক উখিয়া শাখার ভবনের পাশে অবস্থিত বিজয় মার্কেটে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী তার ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করার চেষ্টা করার সময় আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উখিয়া বিজয় মার্কেটে আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে এবং এ ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আমরা তার মরদেহ উদ্ধার করেছি।”

ওসি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনী একযোগে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে।

বাজারের দোকানদার আব্দুল কাদের জানান, “হঠাৎ মার্কেটে আগুন লাগে। এ সময় মার্কেটে গ্যাসের সিলিন্ডারও বিস্ফোরিত হয়। ফলে সাধারণ মানুষ চেষ্টা করেও শুরুতে আগুন নেভাতে ব্যর্থ হয় এবং পিছু হটতে বাধ্য হয়।”

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।