কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
সোমবার (১০ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার অভিযান: মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানার কেরুনতলী এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালীন সময়ে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশির পর অটোরিকশাটি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় সিএনজিচালিত অটোরিকশাটিও।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে কোস্ট গার্ড জানিয়েছে।
জব্দ করা ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও কোস্ট গার্ডের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।