দেশের ক্ষতি করে কাউকে বন্দরের টার্মিনাল দেওয়া হবে না: নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা

0
62

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করে কাউকে বন্দরের কোনো টার্মিনাল দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, বন্দরের উন্নতিতে প্রযুক্তি ও বিনিয়োগ দরকার এবং উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও বন্দর পরিচালনায় বেসরকারি অপারেটরদের যুক্ত করার চেষ্টা চলছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান।

বন্দরে বিনিয়োগ ও উন্নতির সুযোগ: এম সাখাওয়াত হোসেন বলেন, “বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলবে। উন্নতি করতে হলে প্রযুক্তি, টাকা-পয়সা দরকার আছে। বন্দর ঘিরে চার-পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। উন্নত দেশের বেশিরভাগ বন্দর অপারেটররা চালাচ্ছে। আমরা কেন পিছিয়ে যাব? তাই, আমরাও চেষ্টা করছি।”

তিনি আরও উল্লেখ করেন, যারা ব্যবসা করেন, তাদের জন্য লালদিয়ার চর টার্মিনাল একটি বড় সুযোগ নিয়ে এসেছে। এর মাধ্যমে বন্দরের কন্টেইনার ধারণক্ষমতা প্রায় ১০ হাজার কনটেইনার বৃদ্ধি পাবে।

লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধনের আগে উপদেষ্টা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল, তালতলা কনটেইনার ইয়ার্ড (ইস্ট কলোনি সংলগ্ন) উদ্বোধন করেন। এছাড়া তিনি এক্সওয়াই শেড এবং কাস্টমস অকশন শেড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, নবনির্মিত লালদিয়ার চর টার্মিনালটি ১৪ একর জমির ওপর স্থাপন করা হয়েছে। এখানে প্রায় ১ হাজার ৫০০ ট্রাক রাখার সুযোগ রয়েছে। হেভি লিফট কার্গো জেটি ব্যাকআপের জন্য থাকবে ৮ একর জমি এবং এপিএম টার্মিনাল এরিয়াটি ১০ একর জুড়ে বিস্তৃত।

এ সময় অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।