বিএনপির সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত; আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ৫ জন বহিষ্কার

0
37

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যকার সংঘর্ষের ঘটনায় দলটির উপজেলা শাখার আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ পাঁচ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। সংঘর্ষ চলাকালীন অসুস্থ হয়ে এক ছাত্রদল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে।

রবিবার (৯ নভেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়।

শৃঙ্খলা ভঙ্গ, হাঙ্গামা, সহিংসতা ও রক্তপাতের মতো সন্ত্রাসী কার্যকলাপ করার অভিযোগে যাদের বহিষ্কার করা হয়েছে, তারা হলেন: ১. আহাম্মদ তায়েবুর রহমান হিরণ: গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক। ২. তাজুল ইসলাম খোকন: গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ৩. মাসুদ পারভেজ কার্জন: গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য। ৪. সুজিত কুমার দাস: গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব। ৫. মনিরুজ্জামান পলাশ: গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়। এতে মনোনয়নবঞ্চিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

দলীয় সূত্রে জানা গেছে, ঘোষণার পর থেকেই মনোনয়নবঞ্চিত তায়েবুর রহমান হিরণের সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। রবিবার বিকেলে এই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়।

ওই দিন হোস্টেল মাঠে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমাবেশ এবং একই সময়ে গৌরীপুর মধ্য বাজারে আহমেদ তায়েবুর রহমান হিরণের পাল্টা কর্মসূচি ছিল। সমাবেশস্থলে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে ময়মনসিংহ নগরীর দৌলত মুন্সিরোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ছাত্রদল কর্মী তানজিন আহমেদ (৩০) অসুস্থ হয়ে মারা যান।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই পক্ষের সংঘর্ষ চলাকালে অসুস্থ হয়ে তানজিন আহমেদ নামে এক যুবক মারা গেছেন। হাসপাতাল থেকে আহত আটজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”