ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে গনি শাহ মাজারের আধিপত্য নিয়ে সংঘর্ষ ও ডবল মার্ডার মামলার অন্যতম হোতা রিফাত বাহিনীর প্রধান রিফাতকে গ্রেফতার করেছে র্যাব-৯। তার এক সহযোগী লিমানকেও অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।
র্যাব জানায়, সোমবার (১০ নভেম্বর) ভোররাতে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের খোসকান্দি গ্রামে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে থোল্লাকান্দি গ্রামের লিমানের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সোমবার বিকালে র্যাব-৯ এর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়া-১ সিপিসির কোম্পানি কমান্ডার নূরনবী।
তিনি বলেন, “গনি শাহ মাজারের আধিপত্য নিয়ে রিফাত বাহিনী ও শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ১ নভেম্বর রাত ৮টার দিকে এই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। রিফাত ও তার সহযোগীরা শিপনকে গুলি করে হত্যা করে। পরদিন ও তারও পরদিন গুলিবিদ্ধ অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।”
র্যাব জানায়, এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই র্যাব অভিযানে নামে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিফাত বাহিনীর প্রধান রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে—যার মধ্যে ডাকাতি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলা অন্তর্ভুক্ত।