সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। নিখোঁজ হওয়ার দু’দিন পর সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রিয়ানা আবজালের গ্রামের বাড়ি বরিশালে হলেও তিনি রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তিনি পেশায় পাইলট ছিলেন এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতেন।
গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঢাংমারী ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী একটি ট্রলার উল্টে গেলে তিনি নিখোঁজ হন। ট্রলারডুবির পরপরই অন্যান্য পর্যটকদের উদ্ধার করা সম্ভব হলেও রিয়ানা নিখোঁজ ছিলেন। অবশেষে দু’দিন পর তার মরদেহ উদ্ধার করা হলো।