হাটহাজারীতে বিএনপিকর্মী হত্যা: আরও ৬ জন গ্রেফতার, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

0
46

চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপিকর্মী আব্দুল হাকিম হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও ছয় জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু জানান, সোমবার (১০ নভেম্বর) ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এসপি বলেন, “এখনও অভিযান চলমান আছে। বিকাল ৩টায় নাসিরাবাদ ২ নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”

গত ৭ অক্টোবর সকালে বিএনপিকর্মী আব্দুল হাকিম নিজ প্রাইভেটকারে রাউজানের হামিম অ্যাগ্রো ফার্মে যান। বিকেলে চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুরুতর আহত হাকিম পরে মারা যান।

এ ঘটনার পর থেকে পুলিশ ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে। এর আগে গ্রেফতার হওয়া চার জন হলেন—আব্দুল্লাহ খোকন ওরফে ল্যাংড়া খোকন, মো. মারুফ, মো. সাকলাইন হোসেন ও জিয়াউর রহমান।