ধর্মীয় অনুভূতি বিক্রি করে দেশকে বিভক্ত করার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

0
23

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে, ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে দেশকে গ্রাস করার চেষ্টা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে আমাদের রুখে দাঁড়াতে হবে। তারা দেশটাকে হিন্দু-মুসলমানে ভাগ করতে চায়, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। এই দেশ সব ধর্মের মানুষের, যারা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।”

সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার। তাদের মনোভাব—৭১ যেন হয়নি, মুক্তিযোদ্ধারা যেন দেশের জন্য কোনো অবদান রাখেননি। কিন্তু দেশটা আমাদের, এই মাটি আমাদের। মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, দেশকে সমৃদ্ধির পথে নিতে হবে। ১৯৭১ সালে খালেদা জিয়া তার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়ে পাকবাহিনীর হাতে কারাভোগ করেছিলেন। মুক্তিযুদ্ধ আমাদের বুকের ভেতর আছে, যা কেউ কেড়ে নিতে পারবে না।”

তিনি আরও বলেন, “৭১-এ আমাদের হাজার হাজার ভাইকে হত্যা করা হয়েছে, মা-বোনদের ওপর অত্যাচার চালানো হয়েছে। একটি চক্র পাক হানাদার বাহিনীর সহযোগিতায় এই হত্যাযজ্ঞ চালায়। আজ সেই দিনগুলোকে ভুলিয়ে দিতে চাওয়া হচ্ছে, কিন্তু তা সম্ভব নয়।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ। এখন একটি নির্বাচিত সরকারের খুব দরকার।” তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের আহ্বান জানান।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নুর করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহমদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাবেক প্রতিমন্ত্রী মনসুর আলী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।