কিশোরগঞ্জের বাজিতপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

0
36

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে চলমান নাশকতার ধারাবাহিকতায় এবার কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজিতপুর-ঢাকা সড়কে চলাচলকারী ‘তিশা পরিবহনের’ একটি বাস (ঢাকা মেট্রো ব- ৬৪৩৪) বাজিতপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসের পিছনের বাঁ পাশের জানালা দিয়ে পেছনের সিটে আগুন ধরিয়ে দেয়।

বাসের একটি আসনে আগুন জ্বলতে দেখে সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে বাজিতপুর বাসস্ট্যান্ডে ডিউটিরত পুলিশ সদস্য এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার প্রাণে বেঁচে যান।

আগুনে বাসটির পিছনের বাঁ পাশের ২নং সিটের উপরের সামান্য অংশ পুড়ে যায়।

সংবাদ পেয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনার পর বাজিতপুর উপজেলায় সামগ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।