দেশব্যাপী চলমান নাশকতামূলক কার্যকলাপ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনের জন্য’ শিক্ষার্থীরা আজ ও আগামীকাল (১২ ও ১৩ নভেম্বর) ক্যাম্পাসে অবস্থান করবে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাদিক কায়েম এই ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, ক্যাম্পাসে দুই দিন ধরে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। বুধবার সন্ধ্যার জন্য তিনি সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছেন:
আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত অনুষ্ঠিত হবে।
রাত ৯টায় একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে।

