বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেল আসবাব ও নথিপত্র

0
32

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের এক শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে টাকার ভল্ট অক্ষত রয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, রাত দুইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত খবর দেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নেভায়।

তিনি আরও জানান, এতে আসবাবপত্র ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়, তবে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার চেষ্টা হতে পারে। তবে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।”