বোদায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, ১৬ জনের বিরুদ্ধে মামলা

0
51

নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে ফেরার পথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরকারি কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে পঞ্চগড়ের বোদায়। এতে পলিথিন জব্দকারী পেশকারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বোদা পৌর এলাকার নগরকুমারি হাটে অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ও মজুদকৃত নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত পলিথিন ভ্যানে করে নিয়ে ফেরার পথে বিক্ষুব্ধ জনতা ‘ভুয়া ম্যাজিস্ট্রেট’ বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা ভ্যানে থাকা পলিব্যাগ ছিনিয়ে নেয় এবং আদালতের পেশকারের ওপর চড়াও হয়। জীবন বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধরে ফেলে মারধর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতার সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, “ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দিয়ে মব তৈরি করে জব্দকৃত মালামাল লুট করা হয়েছিল। পরে সেগুলো উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হায়দার আলী ও হাসান আলী নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হাসান আলীকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “অপরজন হায়দার আলীসহ ১৬ জনের বিরুদ্ধে সরকারি কর্মকাণ্ডে বাধা ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে বোদা থানায় মামলা দায়ের করা হয়েছে।”

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজওয়ানুল মণ্ডল বলেন, “সরকারি দায়িত্ব পালনে বাধা ও সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”