সংবাদ সম্মেলনে প্রবেশে বাধা দেওয়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

0
34

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার (১২ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, “গত ১০ নভেম্বর আমাদের ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমরা যেহেতু সংবাদকর্মীদের আমন্ত্রণ জানিয়েছিলাম, সেহেতু আমাদের দায়িত্ব ছিল যথাযথভাবে তাদের সম্মান জানানো। দুঃখজনকভাবে, আমরা তা করতে পারিনি এবং এজন্য আমরা গভীরভাবে দুঃখিত।”

বুলবুল জানান, আয়োজনে সময় ব্যবস্থাপনা ও প্রস্তুতিতে কিছু ত্রুটি ছিল, যার ফলে সাংবাদিকদের নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনে প্রবেশে সমস্যা হয়। তিনি বলেন, “এটি আমাদের একটি ব্যর্থতা, এবং এজন্য আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

বিসিবি সভাপতি আরও জানান, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। “যাদের কারণে এই ব্যর্থতা ঘটেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে,” যোগ করেন তিনি।

ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে আর না ঘটে, সে বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমরা ভুল করেছি, তবে শিখেছি। চেষ্টা করব যেন আর এমন না হয়। ক্রিকেটের উন্নয়নে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।”