আওয়ামী লীগের লকডাউন ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেপ্তার ৪৪

0
51

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে সব ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া কর্মকর্তা ডিসি তালেবুর রহমান। তিনি জানান, “রাজধানীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। সকালে রাজধানীর এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমণ্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল ও হাইকোর্ট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষিত লকডাউন চলাকালীন কেউ যেন নাশকতা চালাতে না পারে, সে লক্ষ্যে প্রস্তুত অবস্থানে রয়েছে বাহিনী। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে বলেও সতর্ক করেছে বিজিবি।

অন্যদিকে মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “আওয়ামী লীগের লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে আছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। কাউকে ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।”

তিনি আরও বলেন, “দেশের জনগণকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”