গাড়ি পোড়ানোর অভিযোগে আ. লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

0
69

গাড়ি পোড়ানোর অভিযোগে গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সদস্য ইস্কান্দার মির্জা শামীম কে গ্রেফতার করে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদন পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৩ নভেম্বর তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোর মাধ্যমে ইস্কান্দার মির্জা শামীম নাশকতা পরিকল্পনায় যুক্ত ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন ফেসবুক, ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

১০ নভেম্বর তার নির্দেশনায় অজ্ঞাত সহযোগীদের মাধ্যমে গুলশানের শাহাজাদপুর বাশতলায় একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ আছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অর্থসহ সহযোগিতা করে এসেছেন এবং সামগ্রিক নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। গাড়ি পোড়ানোর ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।