প্রধান উপদেষ্টার ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জামায়াতের

0
37

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এতে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা দল দাবি করে আসছে—গণভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে। তাহলেই এর আইনি ভিত্তি দৃঢ় হবে। না হলে ভবিষ্যতে আদালতে আইনি প্রশ্ন উঠতে পারে।”

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণের কিছু বিষয়ে আরও ব্যাখ্যা প্রয়োজন। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”

তিনি আরও মন্তব্য করেন, “জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে।”

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানান, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, এতে সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না, বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।