গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণেতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। পুণে-বেঙ্গালুরু হাইওয়ের কাটরাজ দেহু রোড বাইপাস এলাকার নাভালে ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলফি পয়েন্টের কাছে প্রায় আটটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িতে আগুন ধরে যায়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুণে পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগ। একাধিক অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুণে সিটি পুলিশের এক কর্মকর্তা জানান, এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে, ডিসিপি সম্ভাজি কদম জানিয়েছেন, “এখনও পর্যন্ত কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সমস্ত সংস্থা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে এবং আহতদের উদ্ধারের কাজ চলছে।”
গুরুত্বপূর্ণ ট্র্যাফিক নির্দেশিকা জারি করে ডিসিপি ট্র্যাফিক হিম্মত যাদব জানিয়েছেন যে, দুর্ঘটনার জেরে সাঁতারা থেকে মুম্বইয়ের অভিমুখে যাওয়ার রাস্তাটি আপাতত যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলি সরিয়ে নেওয়া হয়েছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করার চেষ্টা চলছে।
মোটরচালকদের পরবর্তী দুই ঘণ্টার জন্য এই পথটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সাঁতারা থেকে মুম্বই অভিমুখে গমনেচ্ছুদের বিকল্প হিসাবে পুরানো কাটরাজ ঘাট রুটটি ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে প্রশাসন জানিয়েছে।
উল্লেখ্য, এই এলাকায় এমন বড় সড়ক দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০২২ সালের নভেম্বরে এই একই স্থানে একটি ট্রাক কমপক্ষে ৪৮টি গাড়িকে ধাক্কা মেরেছিল। সেই ঘটনায় ২৪টি গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছিল এবং প্রায় ২০ জন আহত হয়েছিলেন।