নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার দুই বিএনপি ও যুবদল নেতার বহিষ্কারাদেশ কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রত্যাহার করা হয়েছে। এতে করে দলটির তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকরা আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছেন।
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কারপ্রাপ্ত নেতা দু’জন হলেন—সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী এবং যুবদল সভাপতি বেলাল হোসেন সুমন।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের পূর্বে সব পদ থেকে বহিষ্কার করা হলেও আবেদন বিবেচনার পর তাদের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। এখন থেকে তারা দলকে শৃঙ্খলা ও নীতিমালা অনুসরণ করে শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানানো হয়েছে।
বহিষ্কারের প্রত্যাহারের খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং উপজেলা বিএনপির কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন তারা। বিভিন্ন অঞ্চলে মিষ্টি বিতরণ ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই সুখবর উদযাপিত হচ্ছে।