৪৮ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে রোববার থেকে বিচারকদের কলমবিরতি

0
22

দেশজুড়ে বিচারকদের নিরাপত্তা জোরদারসহ দুটি দাবি উত্থাপন করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

এসব দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূরণ না হলে রোববার থেকে সারাদেশের বিচারকরা একযোগে কলমবিরতি শুরু করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আল্টিমেটাম দেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের দাবিগুলো হলো—

১️। দেশের সব আদালত প্রাঙ্গণ, বিচারকের বাসভবন ও যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা।

২️। রাজশাহীর ঘটনায় বিচারকের পরিবারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এবং গ্রেপ্তার আসামিকে আইনবহির্ভূতভাবে গণমাধ্যমে উপস্থাপন করে অপেশাদার আচরণের অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

সংগঠনের দাবি, বিচারিক কার্যক্রম সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলেও বহু বিচারক, বিশেষ করে জেলা পর্যায়ে, এখনো বাসস্থান ও পরিবহনের সুবিধা থেকে বঞ্চিত। অনেককে অরক্ষিত ভাড়া বাসায় থাকতে হয় এবং রিকশা, ভ্যান বা এমনকি হেঁটে আদালতে যেতে হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আদালত ও বিচারকদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্ট একাধিকবার সরকারের কাছে চিঠি দিলেও তেমন কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। বিচারকদের দাবি—নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।

রোববার সকল বিচারক নিজ নিজ কর্মস্থলে কালো ব্যাজ ধারণ করবেন বলেও জানানো হয়েছে।

এ দাবি ওঠার পেছনে রয়েছে রাজশাহীর মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার জেলা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় দুষ্কৃতকারী লিমন মিয়া (৩৫) ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে নিহত হয় তাঁর ছেলে, নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান (১৭)।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। ধস্তাধস্তিতে হামলাকারী লিমনও আহত হয়ে হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছেন। আজ সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।