আইরিশদের অসাধারণ জয়: লাল কার্ড দেখলেন রোনালদো

0
54

ডাবলিন, আভিভা স্টেডিয়াম। দুই দলের প্রথম লেগের দেখায় রুবেন নেভেসের শেষ মুহূর্তের গোলে আইরিশদের হারিয়ে জয় পেয়েছিল পর্তুগাল। সেই ম্যাচে রোনালদোর বিরুদ্ধে রেফারির সিদ্ধান্তে প্রভাব ফেলার অভিযোগ এনেছিল আয়ারল্যান্ডের সমর্থকরা, যদিও সেটি তিনি নাকচ করেন। তবে আয়ারল্যান্ডের মাঠে ফিরতি লেগে সেই অভিযোগ তোলার সুযোগই পেল না আইরিশ সমর্থকরা। বৃহস্পতিবার রাতে দর্শকদের ধুয়ো ধ্বনিতে মেজাজ হারিয়ে রোনালদো এদিন সরাসরি দেখেছেন লাল কার্ড।

তার আগেই দুই গোল হজম করা পর্তুগাল পরেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। অসাধারণ এক জয়ে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল রিপাবলিক অব আয়ারল্যান্ড।

হারলেই বাদ—এমন সমীকরণে মাঠে নেমে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিক আইরিশরা। আভিভা স্টেডিয়ামে স্বাগতিকদের দুটি গোলই করেছেন ফরোয়ার্ড ট্রই প্যারোট।

আক্রমণে ম্যাচের শুরু থেকেই পর্তুগাল আধিপত্য দেখালেও প্রথম গোলের দেখা পায় আইরিশরা ১৭তম মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোলমুখে পাঠান লিয়াম, আর হেডেই বাকি কাজ সারেন প্যারোট। গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্বাগতিকরা। সুযোগ পেলেই করতে থাকে পাল্টা আক্রমণ। বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে সতীর্থে থ্রু বল পেয়ে, ডি-বক্সে একজনকে কাটিয়ে নিখুঁত শটে কাছের পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে প্যারোট ব্যবধান দ্বিগুণ করেন। ভাগ্য সহায় হলে ৩৮তম মিনিটেও চিডোজি ওগবেনের শট পোস্টে না লাগলে আরও বড় ব্যবধানে এগিয়ে যেতে পারত আয়ারল্যান্ড।

দ্বিতীয়ার্ধে রক্ষণ আরও জমাট করে তোলে আয়ারল্যান্ড। তাদের ডি-বক্সে ঢুকতেই পারছিল না রোনালদোরা। একের পর এক আক্রমণ বিফলে যাওয়া এবং প্রতিপক্ষ সমর্থকদের দুয়োয় ঘণ্টাখানেক পর মেজাজ হারিয়েই ফেলেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো।

একটি ফ্রি কিকের সময় প্রতিপক্ষের ডি-বক্সে তাদের ডিফেন্ডার ও’শেয়াকে কনুই মেরে বসেন তিনি। রেফারি প্রথমে হলুদ কার্ড দিলেও, পরে ভিএআর মনিটরে দেখে সরাসরি দেখান লাল কার্ড।

ধীর গতিতে মাঠ ছাড়ার সময়ও আপত্তিকর আচরণ করেন রোনালদো; স্বাগতিক সমর্থকদের ব্যঙ্গ করে দেন করতালি। জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচের ক্যারিয়ারে এটিই তার প্রথম লাল কার্ড।

এই পরাজয়ে পর্তুগালের বিশ্বকাপ ভাগ্য কিছুটা অনিশ্চয়তায় পড়ল। বাছাইয়ে প্রথম তিন ম্যাচে জয়ের পর, গত রাউন্ডে হাঙ্গেরির বিপক্ষে ঘরের মাঠে শেষদিকে গোল হজম করে ২-২ ড্র করেছিল পর্তুগাল।

এই হারের পরও অবশ্য ‘এফ’ গ্রুপের শীর্ষেই আছে পর্তুগাল, পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। তৃতীয় স্থানে আয়ারল্যান্ডের পয়েন্ট এখন ৭। পর্তুগাল পুরো ম্যাচে গোলের জন্য ২৭ শট নিলেও, কেবল ৫টি লক্ষ্যে রাখতে পেরেছে।