বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে কারখানায় শ্রমিকদের অবস্থান, স্টাফরা তালাবদ্ধ

0
60

অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে এবং মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ রাতভর চলেছে।

কোনাবাড়ী (আমবাগ) এলাকার এ জে গ্রুপের হানিওয়েল গার্মেন্টস লিমিটেডে এই কর্মবিরতি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরে কয়েকজন স্টাফকে আটকে রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ সেদিন বেতন না দিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এদিনও বেতন পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কাজ বন্ধ করে দেন।

কাটিং সেকশনের শ্রমিক মাসুম বাবু বলেন, “আজ বেতন না দিয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণার খবর জানালে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।” বিক্ষোভকারী শ্রমিকদের মূল দাবি, রাতের মধ্যেই অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।

হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন জানান, “আজ বেতন দেওয়ার কথা থাকলেও কোনো কারণবশত তা সম্ভব হয়নি। শ্রমিকদের বোঝানো হয়েছে যে আগামী রবিবার (১৬ নভেম্বর) অক্টোবর মাসের বকেয়া বেতন দেওয়া হবে, কিন্তু শ্রমিকরা তা মানছেন না। রাতের মধ্যে কোনো অবস্থাতেই বেতন দেওয়া সম্ভব নয়।”

গাজীপুর শিল্প পুলিশ- ২ এর পরিদর্শক (কোনাবাড়ী জোন) মোর্শেদ জামান জানিয়েছেন, “বিষয়টি সমাধানের জন্য মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সর্বশেষ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সোয়া ১১টা) শ্রমিকরা কারখানার ভেতরে ও মূল ফটকের সামনে অবস্থান করছিলেন।