ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হাওলাদার জানান, বিকেলে মোবাইল ডিউটির সময় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে আনুমানিক ৬০ বছর বয়সী ওই বৃদ্ধের মরদেহটি থানায় নিয়ে আসে।
এখনও পর্যন্ত নিহত বৃদ্ধের পরিচয় মেলেনি। এসআই মামুন হাওলাদার আরও জানান, শুক্রবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।