অ্যাঙ্গোলাকে হারিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা: গোল করলেন মেসি-মার্তিনেজ

0
47

অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে জয় দিয়ে বছর শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮৯ নম্বর দল অ্যাঙ্গোলাকে স্বাগতিকদের মাঠে বিন্দুমাত্র ছাড় না দিয়ে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন অধিনায়ক লিওনেল মেসি ও ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।

লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেম্ব্রোতে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনার আধিপত্য ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে প্রায় ৬৬ শতাংশ বল দখলে রেখে স্বাগতিক অ্যাঙ্গোলাকে ঘোরতর চাপে রাখে সফরকারীরা। অন-টার্গেটে নেওয়া মাত্র তিনটি শটের মধ্যে দুটি থেকেই তারা গোল আদায় করে নেয়।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ম্যাচের ২১ মিনিটে লিওনেল মেসি একটি সহজ সুযোগ মিস করেন। লাউতারো মার্তিনেজের দুর্দান্ত পাসে গোলের সুযোগ পেলেও অ্যাঙ্গোলার গোলকিপার পেদ্রো মার্কেস দারুণভাবে ঠেকিয়ে দেন মেসির শট। এরপর ৩৮ ও ৩৯ মিনিটেও মেসি আরও দুটি সুযোগ হাতছাড়া করেন।

তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে ৪২ মিনিটে। মিডফিল্ড থেকে বল পান মেসি। তিনি প্রতিপক্ষের মিডফিল্ডার ফ্রেডির সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ডি-বক্সে বল বাড়িয়ে দেন। সেখান থেকে ডান পায়ে নিশানা ভেদ করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।

দ্বিতীয়ার্ধে অ্যাঙ্গোলা সমতায় ফেরার চেষ্টা করে। ৪৭ মিনিটে ফ্রেডি একাই বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। তবে রোমেরো ও নিকোলাস তালিয়াফিকোর দৃঢ়তায় তারা সমতায় ফিরতে পারেনি।

ম্যাচের ৮১ মিনিটে আর্জেন্টিনা ব্যবধান দ্বিগুণ করে। এবার গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। মেসি বল নিয়ে একাই বক্সে ঢুকে পড়েন এবং সেখান থেকে কাটব্যাকে বল দেন লাউতারোকে। লাউতারো বুদ্ধিদীপ্তভাবে আবার পাস ফেরত দেন মেসিকে। বাঁ-পায়ের শটে গোল আদায় করে নেন বিশ্বচ্যাম্পিয়ন তারকা।

৮৬ মিনিটে লাউতারো মার্তিনেজ, ম্যাক অ্যালিস্টার এবং মিনিটখানেক পর মেসিকে তুলে নেওয়া হয়। বদলি হিসেবে নামেন পানিচেলি। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা দুর্দান্ত একটি বছর শেষ করে ২০২৬ সালে পা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করল।

উল্লেখ্য, ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮৯ নম্বর দলের বিপক্ষে এটি ছিল আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। ২০০৬ সালের বিশ্বকাপের আগে প্রথম দেখায়ও তারা একই ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল।