কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজার সংলগ্ন বড়বাজার এলাকার এজরা স্ট্রিটে একটি গুদামে শনিবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। ভোর ৫টা নাগাদ আগুন লাগলেও সকাল পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
ঘটনাস্থলে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। ল্যাডারের সাহায্যে আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামটিতে বৈদ্যুতিক যন্ত্রপাতি, প্রচুর বৈদ্যুতিক তার এবং দাহ্য পদার্থ মজুত ছিল। এর ফলে আগুন অত্যন্ত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং আগুনের লেলিহান শিখা আকাশে গ্রাস করে, চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন গুদাম থেকে পাশের একাধিক আবাসনেও ছড়িয়ে পড়েছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গুদামের ভেতরে বা সংলগ্ন আবাসনে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক সামগ্রী থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের কেউ কেউ শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা বলছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আপাতত আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। স্থানীয়রাই ভোরে ওই গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখে দমকলকে খবর দেন।
এদিকে, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, সময়মতো দমকল না পৌঁছানোয় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।