বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় ফিরে এলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করবে বলে অঙ্গীকার করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সেটা এখনো বহাল আছে।”
তিনি পুনর্বহালের অংশটি তুলে ধরে বলেন, “যেটা বহাল নাই; রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা সংযোজন করেছিলেন— মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল, অনুচ্ছেদ ৮ এর মধ্যে। সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন। আপনারা কি চান আমরা সেটা পুনর্বহাল করি? ইনশাল্লাহ আমরা সেটা পুনর্বহাল করব।”
সমাবেশের সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, এই শৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে বক্তব্য শোনার মানসিকতা দেখে তিনি মুগ্ধ হয়েছেন।
ধর্মীয় বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ইসলাম ধর্মের মূলনীতি, অর্থাৎ হজরত মুহাম্মদ (সা.)-এর ‘আখেরি নবী’ হওয়ার ঘোষণার ওপর জোর দেন। তিনি বলেন, “আমরা নবী সাল্লালাহু সাল্লামকে আখেরি নবী হিসেবে বিশ্বাস করি, কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি।”
সালাহউদ্দিন আহমদ বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম মিল্লাতের দুর্বলতার দিকে ইঙ্গিত করে বলেন, মুসলিম হিসেবে এই বিভক্তির কারণেই আজ ফিলিস্তিন ও বিভিন্ন জায়গায় রোহিঙ্গা ভাইদের মতো অসংখ্য মুসলমানকে হত্যাযজ্ঞের শিকার হতে হচ্ছে।