আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাঁচ দিন আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৯ দিনের জন্য এই বিশেষ বাহিনী মোতায়েন করা হবে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী আরও তিন দিন—এই মোট ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।
তিনি বলেন, “ইলেকশনের আগের পাঁচ দিন বড় ধরনের কার্যক্রম চলবে।” এই সময়ে মোতায়েন করা বাহিনীর সম্ভাব্য সংখ্যা তুলে ধরে তিনি বলেন: সেনাবাহিনী প্রায় ১ লাখ (বর্তমানে মাঠে আছে ৩০ হাজার), পুলিশ: ১ লাখ ৫০ হাজার, বিজিবি: প্রায় ৩৫ হাজার, আনসার: প্রায় সাড়ে ৫ লাখ, নৌবাহিনী: ৫ হাজার, কোস্টগার্ড: ৪ হাজার, র্যাব: ৮ হাজার।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও দৃঢ়তার সঙ্গে বলেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। তিনি আশ্বাস দেন, নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।