রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লিমনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তোলা হয়। এসময় রিমান্ড শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশিদ আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ এম সোলায়মান শহীদের ছেলে।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় নিজ ভাড়া বাসায় খুন হন তাওসিফ রহমান সুমন। হামলায় তাওসিফের মা তাসমিন নাহার লুসী এবং হামলাকারী লিমন মিয়াও গুরুতর আহত হন। ঘটনার পর থেকে তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নিহত তাওসিফের বাবা এবং রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় লিমনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর লিমনকে হাসপাতাল থেকে আদালতে তোলা হয়।