লক্ষ্মীপুরের দালাল বাজারে অগ্নিকাণ্ড: ৬টি দোকান পুড়ে ছাই

0
51

লক্ষ্মীপুর সদরের দালাল বাজারের তেমুহনীতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের আজাদের সিএনজি অটোরিকশার গ্যারেজে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার আগেই ছয়টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।” তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে তিনি জানান।