সাবেক স্ত্রী রিয়া মনিকে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান শুনানি শেষে এই জামিনের আদেশ দেন।
এদিন দুপুরে রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকা থেকে হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিকেল সোয়া ৪টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।
আদালতে হিরো আলমের পক্ষে আইনজীবী শান্তা সাছসিনা জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে, বাদী রিয়া মনির পক্ষে আইনজীবী জিয়াউর রহমান এবং অভিজিৎ মজুমদার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০০ টাকা মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেন।
শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী রিয়া মনি। জামিনের বিষয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “হিরো আলমের একটা শিক্ষা হওয়া দরকার। আমাকে যেমন বিনা কারণে জেল খাটিয়েছে, তারও জেলে থাকা উচিত।”
এর আগে, গত ১২ নভেম্বর আদালত হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুসারেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।
গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতিরঝিল থানাধীন এলাকার একটি বাসায় তাদের ডাকা হয়। অভিযোগ অনুযায়ী, সেই সময়ে হিরো আলমসহ ১০ থেকে ১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এরপর তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করেন। এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয় এবং তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে। এই ঘটনায় গত ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।