সুনামগঞ্জে জেলার জামালগঞ্জ উপজেলা থেকে ৯৫০ রাউন্ড ১২ বোর কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাচনা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মো. মামুন মিয়া (২৩) ও মো. উবায়দুল (২১)। শনিবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জীবান গোপন তথ্যের মাধ্যমে জানতে পারেন যে, বিশ্বম্ভরপুর থানার চালবন এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারের দিকে দুটি মোটরসাইকেলে করে শর্টগানের কার্তুজ বহন করা হচ্ছে।
এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি চালিয়ে ৯৫০ রাউন্ড ১২ বোর কার্তুজ জব্দ করা হয়। এসময় মোটরসাইকেলটিতে থাকা মো. মামুন মিয়া ও মো. উবায়দুলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও অপরাধ) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার দুইজনসহ পলাতক অন্য দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে আদালতের মাধ্যমে সোপর্দ করা হবে।