ইসলামাবাদ আদালত সামনে বিস্ফোরণ: টিটিপির ৪ সদস্য গ্রেপ্তার

0
51

ইসলামাবাদ আদালতের সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান, যাদের সবাই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য বলে দাবি করেছে দেশটির সরকার। শুক্রবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত এলাকায় সংঘটিত ওই আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত ও অন্তত ২৮ জন আহত হন। হামলার পরপরই পাকিস্তান ভারতকে দায়ী করে মন্তব্য করলেও পরে টিটিপি আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে।

সরকারি তথ্য অনুযায়ী, হামলায় আত্মঘাতী জঙ্গি সাজিদ উল্লা বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের যৌথ অভিযানে সাজিদ উল্লাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের কাছে সাজিদ স্বীকার করেছে যে, হামলার নির্দেশ দিয়েছিলেন টিটিপির কমান্ডার সৈয়দ-উর-রহমান।

পাকিস্তান জানায়, সৈয়দ-উর-রহমান পাকিস্তানের বাজাউর জেলার বাসিন্দা, তবে বর্তমানে তিনি আফগানিস্তানে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে টিটিপি এখনো কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বৃহস্পতিবার বলেন, ইসলামাবাদের হামলা চালিয়েছে আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি সদস্যরা। এর আগের একাধিক হামলার ক্ষেত্রেও একই অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, কাবুল সরকার বরাবরই টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা গেছে। উত্তেজনা নিরসনে দুই দেশ শান্তি আলোচনায় বসলেও তা শেষ পর্যন্ত ভেস্তে যায়।