পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন অব্যাহতি

0
59

পাকিস্তানের সংসদ সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী পাস করেছে, যার ফলে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া থেকে আজীবন অব্যাহতি প্রদান করা হয়েছে। এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে বলে সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দেশটির সংবিধানের ২৭তম সংশোধনী পাস হয়। এই সংশোধনীটি সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, এটি দেশের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

যারা এই পরিবর্তনের পক্ষে কথা বলছেন, তাদের যুক্তি হলো— এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে একটি সুসংগঠিত প্রশাসনিক কাঠামো প্রদান করবে। একই সাথে, এটি আদালতের মামলার দীর্ঘ জট কমাতেও সাহায্য করবে।

উল্লেখ্য, পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা ঐতিহাসিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে সেনাবাহিনী কখনও সরাসরি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করেছে। সমালোচকদের মতে, বর্তমান সংশোধনীটি সেই সামরিক প্রভাবকেই আরও প্রাতিষ্ঠানিক রূপ দিল।