নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে বিচারকদের কলম বিরতি স্থগিত

0
37

রাজশাহী মহানগর দায়রা জজের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে বিচারকদের ঘোষিত দেশব্যাপী কলম বিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিচারকদের দুই দফা নিরাপত্তা দাবি পূরণের আশ্বাস পাওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) গতকাল রাতে এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৬ নভেম্বর) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বিচারকদের দুই দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকারের আমন্ত্রণে অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে। ওই সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবির সঙ্গে একমত পোষণ করে তা দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তারই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।

গত ১৩ নভেম্বর রাজশাহীর বিজ্ঞ মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে তার ছেলে নিহত এবং স্ত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে অ্যাসোসিয়েশন পূর্ববর্তী এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নোক্ত দুই দফা দাবি পূরণের আলটিমেটাম দিয়েছিল:

১. নিরাপত্তা জোরদার: সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে হবে।

২. জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার হওয়া আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দাবি পূরণ না হলে রোববার থেকে সারাদেশের বিচারকরা একযোগে কলম বিরতি পালন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছিল।

যদিও কলম বিরতি স্থগিত করা হয়েছে, তবে বিবৃতিতে বলা হয়েছে, বিচারক পরিবারের নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্বঘোষণা অনুসারে দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে রোববার কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি পালন করবেন। একইসঙ্গে, নিহতের আত্মার মাগফেরাত কামনায় সব জেলা আদালতের বিচারকদের সুবিধাজনক সময়ে দোয়া মাহফিল আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।