হাজারীবাগে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

0
47

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি দাঁড়িয়ে থাকা বাস পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাত ১১টা ৫৫ মিনিটে হাজারীবাগের বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে এই ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।” তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বাসে আগুন দেওয়ার এই ঘটনার আগেও শনিবার রাতে রাজধানীতে আরও দুটি নাশকতার ঘটনা ঘটে:

সন্ধ্যা ৬টায় হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং রাত সাড়ে ৮টায় আগারগাঁওয়ের এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।