গাজীপুরের শ্রীপুর উপজেলার বারোতোপা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে (মাওনা-শ্রীপুর শাখা) দুর্বৃত্তরা পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রতিষ্ঠানের বাইরের সাইনবোর্ডটি পুড়ে গেলেও ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক ঘটনার বিবরণ দিয়ে বলেন, প্রতিদিনের মতো ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা অফিসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে বিকট শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজনের সহায়তায় কর্মকর্তারা পেছনের গেট দিয়ে বাইরে বের হন এবং দেখতে পান মূল ফটকে আগুন জ্বলছে। স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
তিনি আরও বলেন, সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে থাকা সম্পদের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি।
তিনি নিশ্চিত করেন, ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এই হামলা চালিয়েছে, তা চিহ্নিত করতে তদন্ত শুরু করা হয়েছে।