মিরপুরের পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

0
26

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া (আনুমানিক বয়স ২৮-৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা রাতে মিরপুর ১২ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসে ছিলেন পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়া। এসময় একটি মোটরসাইকেলযোগে ৩ জন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে। তারা কিবরিয়ার মাথা, বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাত ৮টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, “নিহত যুবক পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কে বা কারা তাকে গুলি করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং জড়িতদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।