পামঅয়েল বোঝাই ট্রাকের গতি রোধ করে শর্টগানসহ ডাকাত সন্দেহে ছয়জন গ্রেপ্তার

0
92

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় সোমবার ভোর রাতে একটি পামঅয়েল বোঝাই ট্রাকের গতি রোধ করে ডাকাত সন্দেহে শর্টগানসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পামঅয়েল বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪-৭৫৭৯) মহাসড়কের হাতিয়া অংশে পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো গ-৪৩-৫৪৮৬) এবং একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ঘ-২১-৭৬৯৯) দিয়ে ট্রাকটির গতি রোধ করা হয়। বিষয়টি টহল পুলিশের নজরে এসে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক গাড়ি দুটি তল্লাশি করে একটি লাইসেন্সকৃত শর্টগান, ছয়টি সিসা কার্তুজ, লেজার লাইট, সিগন্যাল লাইট, চারটি শর্ট ওয়াকিটকি এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করে।

গ্রেপ্তাররা হলেন আকাশ মিয়া (২৫), জাহিদুল (৩৪), রহিম (১৯), নাজিম উদ্দিন (৩০), সুমন মিয়া (৩৫) ও মারুফ হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

যমুনা সেতু পূর্ব থানার ওসি সবজেল হোসেন বলেন, “হাইওয়েতে সংঘবদ্ধ ডাকাতির ঝুঁকি মোকাবিলায় আমরা প্রতিনিয়ত টহল জোরদার রেখেছি। এরই অংশ হিসেবে সোমবার ভোর রাতে মহাসড়কে সন্দেহজনকভাবে চলাচল করায় তিনটি গাড়ি থামানো হয়। তল্লাশিতে একটি প্রাইভেটকার ও একটি পাজেরো থেকে শর্টগান, কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হওয়ায় ছয়জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়।”